সাজেকে সড়ক অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলি, নিরাপদে ফিরেছেন পর্যটকেরা


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছিল। তবে সাজেকে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে এলাকা ছেড়েছেন বলে তিনি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক সড়কে অবরোধের কারণে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়িতে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। এ সময় অবরোধকারীরা বাধা দেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় প্রায় তিন হাজার পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধের ডাক দেয় ইউপিডিএফ-সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।











