বাংলাদেশের পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান


বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর এবং টেকসই উৎপাদনব্যবস্থার উন্নয়নে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের (Tadashi Yanai) নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে আরও বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটিকে আহ্বান জানান।
বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।











