তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী


অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বা অ্যাসেট হচ্ছে সঠিক ও নির্ভরযোগ্য ডাটা (উপাত্ত)। তথ্য-উপাত্তের নির্ভুলতার ওপর ভিত্তি করেই আগামী দিনের সরকারি নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব। উপাত্ত গোপন নয়, সবার জন্য উন্মুক্ত থাকবে । উপাত্ত ও তথ্যে স্বচ্ছতা এনে অর্থনীতিকে গণমুখী ও বিশ্বাসযোগ্য করতে হবে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে 'জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা রাজনীতিকে গণতান্ত্রিকীকরণের পাশাপাশি অর্থনীতির গণতান্ত্রিকীকরণ (ডেমোক্র্যাটাইজেশন অব ইকোনমি) নিশ্চিত করতে চাই। অর্থনীতি যদি গণমুখী ও গণতান্ত্রিক না হয়, তবে রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে।
বর্তমান সরকারের স্পষ্ট অবস্থান উল্লেখ করে তিনি বলেন, বিবিএস-কে কাজের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তথ্যের গোপনীয়তা রক্ষা নয়, বরং ওপেন ডাটা ব্যবস্থার মাধ্যমে উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যাতে প্রাপ্ত ফিডব্যাকের ভিত্তিতে ভুলত্রুটি সংশোধন করে সঠিক কোর্স কারেকশন করা যায়। তিনি বলেন, উপাত্তের স্বচ্ছতা ও সততা খুবই গুরুত্বপুর্ণ। তথ্যের সাথে ম্যানিপুলেশন করা মানে নিজের সাথে প্রতারণা করা। তথ্যের সঠিকতা ও জনআস্থা অর্জনে কোনো আপস করা যাবে না।
তিনি বলেন, ফরেনসিক অডিটের উদ্দেশ্য বিগত কোনো উদ্যোগকে আক্রমণ করা নয়, বরং সমস্যার গভীরে গিয়ে রোগের প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। সঠিক ডাটা ছাড়া বৈষম্য দূর করা এবং সুনির্দিষ্ট গবেষণা পরিচালনা করা সম্ভব নয়। বাস্তবায়নের ক্ষেত্রে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোচ্চ ব্যবহারের করতে হবে। তিনি ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও কর্মসূচির সাথে বিবিএস যেভাবে এলাইন হয়ে কাজ করছে, তা প্রশংসনীয়। মন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়সহ সকল কর্মকর্তা-কর্মচারীকে তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান। বিবিএস-এর বিদ্যমান জনবল সংকট নিরসনে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে তথ্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে মোঃ ফিরোজ সরকার, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জহির উদ্দিন স্বপন , প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।











