রোহিঙ্গা সংকট ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা জোরদারে ফ্রান্স


বাংলাদেশে চলমান মানবিক পরিস্থিতি, রোহিঙ্গা শরণার্থী সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের প্রভাব মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (IFRC) বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি দলের প্রধান সেভাল গুজেলকিলিঞ্চ (Seval Güzelkılınç)।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তাঁরা বাংলাদেশের পরিবর্তনশীল মানবিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা শরণার্থী সংকট, আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান মানবিক প্রভাব আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আগাম সতর্কতাভিত্তিক কার্যক্রম (Anticipatory Action), জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
এ সময় ফ্রান্স, আইএফআরসি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
আলোচনায় মানবিক নীতিমালা সমুন্নত রাখা, মানুষের মর্যাদা ও অধিকার সুরক্ষা এবং সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এমন জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার গুরুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়।











