স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার


বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় তানজানিয়ায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৈঠকে পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়েও মতবিনিময় হয়। দুই দেশের সংসদীয় কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় স্থান পায়।
এ সময় স্পিকার আসন্ন জাতীয় সংসদ অধিবেশন পর্যবেক্ষণের জন্য পাকিস্তানের হাইকমিশনারকে আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি পাকিস্তান সফর করবেন।
সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











