পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে BIPSS-এর ফায়ারসাইড চ্যাট অনুষ্ঠিত


পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কৌশল, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘Bangladesh’s Foreign Policy in a Changing World’ শীর্ষক ফায়ারসাইড চ্যাট।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (BIPSS) এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (IPU) নির্বাহী কমিটির সদস্য জাহরাত আদিব চৌধুরী।

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন BIPSS-এর ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ফেলো শাফকাত মুনির। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে BIPSS-এর প্রেসিডেন্ট মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান, এনডিসি, পিএসসি (অব.) বৈশ্বিক ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসন (Strategic Autonomy), বাস্তবভিত্তিক বহুমুখী অংশীদারত্ব (Pragmatic Multi-alignment) এবং জাতীয় স্বার্থ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান আলোচক জাহরাত আদিব চৌধুরী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশাকে কেন্দ্র করে। এ ক্ষেত্রে অর্থনৈতিক কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, সংসদীয় কূটনীতি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সঞ্চালনাকালে শাফকাত মুনির বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসন আরও সুসংহত করা, বৃহত্তর আঞ্চলিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা কৌশল ও কাঠামো প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।











