কমনওয়েলথ দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান বাংলাদেশের


কমনওয়েলথভুক্ত দেশগুলোর সামনে বিদ্যমান বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন করে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২ নভেম্বর, ২০২৬) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (AUA) অনুষ্ঠিত প্রাক-চোগাম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (CFAMM) রিট্রিট আলোচনা অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে হুমায়ুন কবির বলেন, বর্তমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথ দেশগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের কার্যকর বাস্তবায়ন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ ও অর্থায়ন বাড়াতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সহযোগিতা কামনা করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।











