ঢাকায় ১২ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘দ্য ফ্লো ফেস্ট’


সুস্থ ও সুন্দর জীবনধারার বার্তা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে ঢাকায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ফ্লো ফেস্ট’। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাজধানীর জলশিরিতে অবস্থিত ফোর্টিস প্লাটিনাম লাউঞ্জে তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। ‘উইন্টার ওয়েলনেস’ শীর্ষক এবারের আয়োজনের মধ্য দিয়ে নতুন এই আউটডোর ভেন্যু ফোর্টিস প্লাটিনাম লাউঞ্জের আনুষ্ঠানিক কার্যক্রমেরও সফট লঞ্চ হতে যাচ্ছে।
দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর গত চার বছর ধরে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সৃজনশীলতা ও সামাজিক সংযোগ—এই চারটি মূল ভিত্তিকে কেন্দ্র করে বিভিন্ন ওয়েলনেস কার্যক্রম আয়োজন করে আসছেন। এবার গুলশানের গণ্ডি পেরিয়ে ঢাকার আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সুস্থ জীবনধারার ধারণা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। ‘ঢাকা, লেটস গো আউটসাইড’ প্রতিপাদ্যে সবুজ মাঠ, খোলা আকাশ ও প্রাকৃতিক পরিবেশে অংশগ্রহণকারীদের জন্য তৈরি করা হবে একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা।

আয়োজকদের মতে, উইন্টার ওয়েলনেস কেবল একটি উৎসব নয়; বরং সামগ্রিক সুস্থতা সম্পর্কে জানার, শেখার, অভিজ্ঞতা বিনিময় এবং দৈনন্দিন জীবনে ইতিবাচক অভ্যাস গড়ে তোলার একটি অংশগ্রহণমূলক উদ্যোগ। এতে পুষ্টি, বিশ্রাম ও শারীরিক পুনরুদ্ধার, নারীদের স্বাস্থ্য, কর্মক্ষেত্রে সুস্থতা, মেডিটেশন, যোগব্যায়াম, ফ্যাসিয়া স্ট্রেচিং, লিম্ফ্যাটিক ড্রেনেজ, এনার্জি হিলিং এবং মানসিক চাপমুক্ত থাকার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা, কর্মশালা ও হাতে-কলমে অভিজ্ঞতার সুযোগ থাকবে।
যোগব্যায়ামের শিক্ষক হিসেবে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন শাজিয়া ওমর বিশ্বের বিভিন্ন যোগ উৎসব এবং ঐতিহ্যবাহী আশ্রমের দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে এ আয়োজনের পরিকল্পনা করেছেন। তাঁর মতে, সুস্থতা কোনো বিলাসিতা নয়; এটি সবার জন্য সহজলভ্য জীবনচর্চা হওয়া উচিত। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, প্রয়োজনে সহায়তা চাওয়া এবং একে অপরের সঙ্গে সামাজিক বন্ধন গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

তিন দিনব্যাপী উৎসবে যোগব্যায়াম, মেডিটেশন, সাউন্ড হিলিং, মার্শাল আর্ট, নৃত্য, ফিটনেস চ্যালেঞ্জ এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে বিভিন্ন আয়োজন থাকবে। শিশুদের জন্য থাকছে গল্প বলা, ছবি আঁকা, হস্তশিল্প, দলীয় সংগীত এবং আনন্দদায়ক শরীরচর্চার ব্যবস্থা। পাশাপাশি কবিতা পাঠ, ওপেন মাইক ও বিভিন্ন সৃজনশীল পরিবেশনা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।
সংগীত পরিবেশনার ক্ষেত্রেও থাকছে বিশেষ আকর্ষণ। উদ্বোধনী দিনের সমাপনী পরিবেশনায় অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। শুক্রবার সকালে পরিবেশনা করবে SYM Society। এ ছাড়া নামরাতা ও মেহসামের যৌথ সংগীত প্রকল্প TUI ধ্রুপদি ও ইলেকট্রনিক সংগীতের সমন্বয়ে পরিবেশনা উপস্থাপন করবে। শুক্রবার ক্যাসেট এবং শনিবার প্রজেক্ট ঢাকা ক্রিয়েটিভের উদ্যোগে ওপেন মাইক আয়োজনও থাকছে।
উৎসবের অন্যতম আকর্ষণ ‘ফ্লো মার্কেট’-এ ওয়েলনেস পণ্য, ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী, ফ্যাশন, গৃহসজ্জা, খাবার, শিল্পকর্ম ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, থ্রিফট শপ এবং নতুন ব্র্যান্ডগুলো অংশ নেবে। নতুন উদ্যোগ হিসেবে বেবিদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ পণ্য নিয়ে Bare and Blossom এবং ঐতিহ্যবাহী পান্থা ভাত ও ভর্তার আয়োজন নিয়ে Bhorta Bros উৎসবে অংশগ্রহণ করবে। বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনও মানসিক স্বাস্থ্য, অন্তর্ভুক্তি এবং সামাজিক সংযোগ বিষয়ে সচেতনতা তৈরিতে যুক্ত থাকবে।
আয়োজনটিতে পরিবার ও বন্ধুদের নিয়ে খোলা পরিবেশে সময় কাটানো, পিকনিক, ঘোড়ায় চড়া এবং প্রকৃতির মাঝে যোগব্যায়াম করার সুযোগ থাকবে। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে নগরবাসী প্রকৃতির কাছাকাছি আসার পাশাপাশি সুস্থ জীবনধারা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব সম্পর্কে নতুনভাবে উপলব্ধি করতে পারবেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিনের প্রবেশ টিকিটের মূল্য ৩৫০ টাকা এবং তিন দিনের পাসের মূল্য ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিটের সঙ্গে কনসার্ট ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ অন্তর্ভুক্ত থাকবে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ বিনামূল্যে। নির্ধারিত কয়েকটি স্থান থেকে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে শাটল পরিবহনের ব্যবস্থাও থাকবে।
আগ্রহীরা দ্য ফ্লো ফেস্টের ওয়েবসাইট theflowfest.com/winterflow থেকে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইনস্টাগ্রামে @theflowfestglobal ঠিকানায়।











