নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৩ জন


নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘন ধোঁয়ায় ভবনের ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের অনেকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।











