লোকাল এলসির তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘BARTA’ উদ্বোধন


দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল লেটার অব ক্রেডিট (এলসি) সংক্রান্ত তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (BARTA)। নতুন এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকগুলো লোকাল এলসিসংক্রান্ত বার্তা ও তথ্য একটি কেন্দ্রীয় এবং তাৎক্ষণিক ব্যবস্থার আওতায় আদান-প্রদান করতে পারবে।
BARTA-এর মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা চুক্তির বিপরীতে খোলা লোকাল ও ব্যাক-টু-ব্যাক এলসিসংক্রান্ত তথ্য আদান-প্রদান করা হবে। ফলে রপ্তানি খাতের পশ্চাৎমুখী সংযোগ শিল্প (Backward Linkage Industry) সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তদারকি কার্যক্রম আরও কার্যকর হবে।
প্ল্যাটফর্মটিতে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এপিআই (Application Programming Interface) ভিত্তিক যাচাইকরণ, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (NAT) এবং ফায়ারওয়াল। ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে থাকবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (Two-factor Authentication)। পাশাপাশি প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে।
BARTA প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা কেবল পর্যবেক্ষণের (Read-only) সুযোগ পাবেন। তারা কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের (Extranet) মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হবে। প্রতিটি যোগাযোগের ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা অনুসরণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, BARTA পুরোপুরি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় ব্যাংকের পরিবীক্ষণ ও তদারকি ব্যবস্থা আরও জোরদার হবে। লোকাল এলসির তথ্য সংগ্রহের জন্য ব্যাংকগুলোর ওপর নির্ভরশীলতা কমবে এবং রপ্তানি বাণিজ্যের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে পশ্চাৎমুখী সংযোগ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে।
নতুন এ ব্যবস্থার ফলে প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে BARTA চালুর মাধ্যমে বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক।











