বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


বাংলাদেশে অফিস খোলার জন্য বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে (Meta Platforms Inc.) আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সাইডলাইনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল ক্যাপলানের সঙ্গে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা থাকলেও সময়স্বল্পতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের বড় মেটা ব্যবহারকারীভিত্তির বিষয়টি তুলে ধরে মেটার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাত আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ডিজিটাল কমার্সের বিকাশে সহায়তা করতে পারে, সে বিষয়ে মতবিনিময় করেন তারা।
শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে মেটার একটি অফিস স্থাপনের আহ্বান জানান। একই সঙ্গে অনলাইন হয়রানি, অপব্যবহার ও ডিজিটাল নিপীড়ন প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইন নিয়েও মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল ক্যাপলানের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
পরবর্তীতে নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে শামা ওবায়েদ জানান, মেটার সঙ্গে বৈঠকে ঢাকায় একটি অফিস বা ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ই-কমার্স ও অনলাইন ব্যবসার সম্প্রসারণেও মেটা সহযোগিতা করতে আগ্রহী।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিনেই মেটার সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।











