নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুযোগ খুঁজছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া


পরিচ্ছন্ন জ্বালানি ও বিদ্যুতায়নের দিকে বাংলাদেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে একযোগে কাজ করছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার পরিচ্ছন্ন জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। সফরে দুই দেশের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ এবং বাণিজ্যিক অংশীদারত্ব সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (অস্ট্রেড)-এর উদ্যোগে আয়োজিত এ সফরে প্রতিনিধিদল বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও শিল্প খাতের নেতাদের সঙ্গে বৈঠক করে। পাশাপাশি বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ব্যাটারি এনার্জি স্টোরেজ, সৌরবিদ্যুৎ প্রযুক্তি (সোলার পিভি), বৈদ্যুতিক প্রকৌশল এবং বৈদ্যুতিক যানবাহনের (ইভি) চার্জিং অবকাঠামো। এসব খাতে অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি খাতের উন্নয়নে নতুন সুযোগ তৈরি করতে পারে।
এদিকে, অস্ট্রেলীয় হাইকমিশন ও অস্ট্রেড যৌথভাবে ‘আনলকিং বাংলাদেশ-অস্ট্রেলিয়া রিনিউয়েবল এনার্জি পার্টনারশিপ পটেনশিয়াল’ শীর্ষক একটি নতুন সম্ভাব্যতা পর্যালোচনা সমীক্ষা (স্কোপিং স্টাডি) প্রকাশ করেছে। এতে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ এবং এ খাতের বিকাশে প্রয়োজনীয় নীতিগত কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
সমীক্ষাটির লক্ষ্য দুই দেশের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি অংশীদারত্বের সম্ভাবনা চিহ্নিত করা এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সহায়তা করা।











