বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগে ডেনিম কারখানা করছে তুরস্কের সানকো


বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। স্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে এ কারখানা স্থাপন করা হবে। এতে ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিটও থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো (ISKO)-এর মাধ্যমে এ বিনিয়োগ করা হচ্ছে। সম্প্রতি সানকো হোল্ডিংয়ের একটি প্রতিনিধিদল ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সানকো হোল্ডিংয়ের বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।
স্থানীয় যৌথ উদ্যোগের অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। ইনভেস্ট বাংলাদেশের সদস্য (ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট) নাহিয়ান রহমান রচিও বৈঠকে অংশ নেন।
প্রস্তাবিত রপ্তানিমুখী কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড়। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী, যার টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল থেকে বিস্তৃত। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা রয়েছে। এর ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বছরে প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। বিশ্বের ৬০টিরও বেশি দেশে গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও পরিচালনা করে ইসকো।
ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং সংস্থাটির ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অন্তর্ভুক্ত। ধারাবাহিক যোগাযোগ, নিয়মিত ফলোআপ এবং সক্রিয় বিনিয়োগকারী সহায়তার মাধ্যমে প্রাথমিক আগ্রহ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে প্রকল্পটি এগিয়ে নিতে ইনভেস্ট বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।











