বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি


বাংলাদেশকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে এআই প্রযুক্তির যথাযথ ব্যবহারের পাশাপাশি উদ্ভাবনেও নেতৃত্ব দেবে দেশ। প্রযুক্তিগত পরিবর্তনের নিষ্ক্রিয় অংশীদার না হয়ে বাংলাদেশকে সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বর্তমানে এক মহাপরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে, যার অন্যতম প্রধান অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী দশকে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির অগ্রগতি এবং বিশ্বে বাংলাদেশের অবস্থান নির্ধারণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তি নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে। উৎপাদনশীলতা বৃদ্ধি, শিল্পের আধুনিকায়ন, রপ্তানি সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কোটি তরুণের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টিতে এআইকে কৌশলগতভাবে কাজে লাগাতে হবে।
তবে এআই প্রযুক্তির ব্যবহার ও বিস্তারে সতর্ক থাকারও আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, মানুষ যেন প্রযুক্তির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির ফলে দেশের বেকারত্বের সমস্যা যাতে আরও জটিল হয়ে না ওঠে, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। প্রযুক্তির বিকাশের পাশাপাশি মানুষের কর্মসংস্থান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশকে এআইনির্ভর নয়, বরং এআই সক্ষম, উদ্ভাবনসমৃদ্ধ ও মানবকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে সরকার, বেসরকারি খাত, প্রযুক্তি উদ্যোক্তা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।











