আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আলজেরিয়ার রাষ্ট্রদূতের আমন্ত্রণে ‘দৈনিক ঢাকা ডায়লগ'-এর সম্পাদকের অংশগ্রহণ


আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে ঢাকায় আলজেরিয়ার দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয় ‘দৈনিক ঢাকা ডায়লগ'-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং বাংলাদেশে বসবাসরত আলজেরীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। তাঁর সঙ্গে অনুষ্ঠানের আয়োজন ও অতিথিদের অভ্যর্থনা জানান মিসেস মেরিয়েম সাইদানি।

আলজেরিয়ার অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুনের নেতৃত্বে দেশটি অর্থনীতির বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে জ্বালানি খাতের বাইরের রপ্তানি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, খনিজ সম্পদ, কৃষি, আবাসন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, তৈরি পোশাক, শিল্পপণ্য, খাদ্যপণ্য, সিরামিক ও লাইট ইঞ্জিনিয়ারিংসহ বাংলাদেশের বিভিন্ন খাতে আলজেরীয় বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। একইভাবে আলজেরিয়ার কৌশলগত ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের দেশটিতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান তিনি।











