গ্রামীণ ব্যাংকের সম্পদ ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলাদেশ ব্যাংকের


দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা গ্রহণ ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ঋণপ্রবাহ বজায় রাখা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই ব্যাংকিং কার্যক্রমের নিরাপদ, স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন পরিবেশ বজায় রাখা দেশের অর্থনীতি ও জনস্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংক জানায়, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং অবশিষ্ট ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪টি জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। এ ছাড়া ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগ করা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা গ্রহণ করতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এর ফলে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে সংঘটিত এসব ঘটনা ব্যাংকের সম্পদ, স্বাভাবিক কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে এসব ঘটনা গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা প্রাপ্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।











