তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে আগামীকাল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামীকাল (৩০ নভেম্বর) বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর, ২০২৬) সকাল ১১টায় বেবিচকের সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। সংবাদ সম্মেলনে বেবিচকের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে চুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা চালুর লক্ষ্য রয়েছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।
চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পর বিমানবন্দরের সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত হবে। অন্যদিকে বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইট পরিচালনায় ব্যবহার করতে পারবে বেবিচক।
রাজস্বের ২৭ শতাংশ পাবে বেবিচক
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজস্ব বণ্টন। নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে প্রদান করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে ঘটবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশে উন্নীত হবে।
এ ছাড়া আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের বিপরীতে এমবার্কেশন ফি, বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং টার্মিনালের দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
চুক্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও নতুন ব্যবস্থা রাখা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। এসব প্রতিষ্ঠান এবং স্ব-ব্যবস্থাপনায় গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনাকারীরা কনসেশন পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি প্রদান করবে।
নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বেবিচকের হাতে
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের কাছে দেওয়া হলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক।
অন্যদিকে ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে।
চুক্তিতে যাত্রীসেবার মান নিশ্চিত করতে সুনির্দিষ্ট মানদণ্ড ও প্রধান কার্যসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ অবতরণের পর যাত্রীদের লাগেজ সরবরাহের ক্ষেত্রে প্রথম ব্যাগ ১৫ মিনিটের মধ্যে কনভেয়ার বেল্টে দিতে হবে। সর্বশেষ ব্যাগ সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট।
এ ছাড়া বিজনেস ক্লাসের যাত্রীদের চেক-ইন কাউন্টারে গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
টার্মিনালের ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে।
নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির ভিত্তিতে প্রতিটি ক্ষেত্রে ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।
বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রী সেবার সক্ষমতা
প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। এখানে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, আটটি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে।
এ ছাড়া আগমনী যাত্রীদের জন্য ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট, ১২টি কন্টাক্ট বোর্ডিং ব্রিজ এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে নির্মাণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র।
যাত্রীদের চলাচল ও স্বাচ্ছন্দ্যের জন্য রয়েছে মুভিং ওয়াকওয়ে, এসকেলেটর ও লিফট। বহুতল গাড়ি পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।
কার্গো পরিবহনের সক্ষমতা বাড়াতেও নির্মাণ করা হয়েছে ২৭ হাজার বর্গমিটারের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটারের রপ্তানি কার্গো টার্মিনাল। নতুন কার্গো টার্মিনাল দুটিতে বছরে মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে। এর মধ্যে আমদানি কার্গো ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন এবং রপ্তানি কার্গো ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন। নতুন কার্গো টার্মিনাল চালুর ফলে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা চার গুণ বৃদ্ধি পাবে বলে জানানো হয়।
বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তৃতীয় টার্মিনালের কার্যক্রম সফলভাবে চালু এবং সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গঠনমূলক পরামর্শ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের এভিয়েশন খাতের উন্নয়নে তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমানযাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি অবকাঠামো প্রকল্প। কনসেশন চুক্তির মাধ্যমে এর আধুনিক পরিচালন ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের বিমান পরিবহন খাতকে আরও সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তোলার প্রত্যাশা করছে বেবিচক।











