লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে সম্মিলিত পদক্ষেপ ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান মালদ্বীপের হাইকমিশনারের


বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ (Shiuneen Rasheed) লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার জোরদারে সম্মিলিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

২০২৬ সালের ‘গ্লোবাল ১৬ ডেজ অব অ্যাক্টিভিজম অ্যাগেইনস্ট জেন্ডার-বেইজড ভায়োলেন্স’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘Breaking the Cycle of Impunity: Actionable Paths to Justice and Survivor Protection’ শীর্ষক এক গোলটেবিল সংলাপে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (UNOPS Bangladesh) এবং জোন্টা ক্লাব ঢাকা-৩ (Zonta Club Dhaka III) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্যে হাইকমিশনার শিউনীন রশীদ লিঙ্গসমতা প্রতিষ্ঠা, লিঙ্গভিত্তিক সহিংসতা নির্মূল এবং সহিংসতার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ জোরদারে মালদ্বীপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মালদ্বীপের জাতীয় অভিজ্ঞতার আলোকে তিনি ভুক্তভোগীকেন্দ্রিক উদ্যোগ গ্রহণ, ক্ষতিকর সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রথাকে চ্যালেঞ্জ করা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি শক্তিশালী করা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের কার্যকর সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দায়মুক্তির সংস্কৃতি ভেঙে নিরাপদ, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে ধারাবাহিক সম্মিলিত উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা সমুন্নত থাকবে।











