সংযুক্ত আরব আমিরাতের ৫৫তম জাতীয় দিবস সংবর্ধনায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘দৈনিক ঢাকা ডায়লগ'-এর সম্পাদক


সংযুক্ত আরব আমিরাতের ৫৫তম জাতীয় দিবস (ইউনিয়ন ডে) উদযাপন উপলক্ষে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাস বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘জাতীয় দৈনিক ঢাকা ডায়লগ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এতে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আলহামুদি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় ভিত্তি দিয়েছে।
![]() |
![]() |
![]() |
![]() |
তিনি আরও বলেন, ২০২৬ সাল বাংলাদেশ-ইউএই দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বছর। এ সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব ও দেশটির জনগণকে ৫৫তম জাতীয় দিবসের উষ্ণ অভিনন্দন জানান।
![]() |
![]() |
![]() |
![]() |
তিনি বলেন, মাত্র ৫৫ বছরে সংযুক্ত আরব আমিরাত একটি নবীন ফেডারেশন থেকে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও সম্ভাবনার বৈশ্বিক কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। দেশটির এই অগ্রযাত্রা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে উভয় দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সময় থেকে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা ক্রমাগত শক্তিশালী হয়েছে। এই সম্পর্ক কেবল রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের মধ্যে গভীর যোগাযোগের ওপর প্রতিষ্ঠিত।



















