জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্পৃক্ততার আহ্বান জানালেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে


জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম বিমসটেক ইয়ুথ ফোরাম। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) তারিখে বিমসটেক সচিবালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) সহ-আয়োজনে এ ফোরাম অনুষ্ঠিত হয়।

ফোরামে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের তরুণ নেতৃত্ব, নীতিনির্ধারক, গবেষক ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এতে জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রশমন, আঞ্চলিক সহযোগিতা এবং বিমসটেকভুক্ত দেশগুলোর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ফোরামের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে এবং বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।
অনুষ্ঠানে ‘জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক সহযোগিতা’ প্রতিপাদ্যে আয়োজিত বিমসটেক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রশমন বিষয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বিওয়াইএলসির পরিচালনায় একটি অংশগ্রহণমূলক নেতৃত্ববিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা দলগত শিক্ষা, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথভাবে সমস্যা সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে কাজ করেন।











