চট্টগ্রামে নেপালি শিক্ষার্থীদের খোঁজখবর নিল নেপাল দূতাবাসের প্রতিনিধিদল


বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও শিক্ষা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) প্রতিনিধিদলটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) পরিদর্শন করে। এ সময় প্রতিষ্ঠান দুটিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেয় তারা।

পরিদর্শনকালে দূতাবাসের প্রতিনিধিরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের কল্যাণ, সুযোগ-সুবিধা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় দূতাবাসের প্রতিনিধিদলটি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, চট্টগ্রাম মা-ও-শিশু মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করে। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।











