ডেস্ক রিপোর্টঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করা ছাড়া কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসন-শোষণ শুধু দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই হরণ করেনি, বরং সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেও দুর্বল করে দিয়েছে। একইসঙ্গে শিক্ষা ব্যবস্থাও এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন গণতান্ত্রিক বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।
একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের ওপর জোর দিয়ে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের ইতিহাসের প্রতিটি পর্যায়ে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের সম্মান জানাতে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন অপরিহার্য। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।
শিক্ষকদের সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র ও যুবসমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উদাহরণ সৃষ্টি করতে পারবে।
জাতীয় উন্নয়নকে একটি সম্মিলিত প্রচেষ্টা উল্লেখ করে তিনি বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ এবং শিল্পখাতসহ সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।











