ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে ২০২৬) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মাজহারুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুমে মোট ১১ জন মা ও ৬ নবজাতক অবস্থান করছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এক মা অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় কক্ষের এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ করার অনুরোধ জানান। পরে প্রায় এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখা হয়।
এ সময় কক্ষে থাকা অন্যান্য নবজাতকদের শ্বাসকষ্ট দেখা দেয় বলে জানা গেছে। ভোর ৬টার পর থেকে শিশুদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং একপর্যায়ে একে একে ৬ নবজাতকের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট পোস্ট-অপারেটিভ রুমে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় এসি বন্ধ থাকার সময় কক্ষে সাফোকেশন বা অক্সিজেন স্বল্পতার পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলেই নবজাতকদের শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধান চলছে।











