ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন সুইজারল্যান্ডের পররাষ্ট্র বিভাগের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান ও সহকারী পররাষ্ট্র সচিব Markus Leitner।
মঙ্গলবার (২ জুন, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।


সাক্ষাৎকালে মার্কাস লেইটনার বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্ব ও মূল্যবান সহযোগিতার প্রশংসা করেন। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্রীড়া ও সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ স্থগিত করার আবেদনের বিষয়টি তুলে ধরে এ বিষয়ে সুইজারল্যান্ডের সমর্থন কামনা করেন।
বৈঠকে সুইস প্রতিনিধি দল উল্লেখ করে যে, সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস কার্যক্রম শুরু করা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এছাড়া উভয় পক্ষ গণতন্ত্র, বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসন ইস্যুতেও মতবিনিময় হয়।
সাক্ষাৎ শেষে দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।











