May 24, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

রবিবার (২৪ মে ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে আয়োজিত ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি, যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়; বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে পারবো—বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।”

প্রধানমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বখ্যাত স্থপতি লুই আই কান-এর নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। সেই ভবনের ছাদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করতে চায় যে নেতৃত্ব শুধু নীতিনির্ধারণেই নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

এছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top