জলবায়ু অভিযোজন ও নারীর সক্ষমতা বৃদ্ধিতে সহজলভ্য ও সুদমুক্ত অর্থায়নের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের


জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীবান্ধব অভিযোজন ও সহনশীলতা কার্যক্রম জোরদারে পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও সুদমুক্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
গত ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘পলিসি টু প্র্যাকটিস: স্ট্রেংদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জিত শিক্ষা, বাস্তবায়নগত চ্যালেঞ্জ ও বিদ্যমান ঘাটতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আন্তমন্ত্রণালয় সমন্বয়, বিভিন্ন খাতে জলবায়ু কার্যক্রমের মূলধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারীবান্ধব জলবায়ু অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া উন্নয়ন সহযোগী সংস্থা ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে বাংলাদেশের নিজস্ব জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে সহায়ক পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহে ভূমিকা রাখতে পারে, তা নিয়েও আলোচনা করা হয়।
বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু অভিযোজন পরিকল্পনার শুরু থেকেই নারীর নিরাপত্তা, চলাচলের সুবিধা এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এসব বিষয়কে পরবর্তী সময়ে যুক্ত করার বিষয় হিসেবে বিবেচনা না করে পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য পৃথক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রজনন স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়াতে হবে।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, নারীবান্ধব জলবায়ু কার্যক্রম কোনো এককালীন প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন এবং অগ্রগতি পর্যবেক্ষণের প্রতিটি পর্যায়ে এ বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নারীরা যখন নেতৃত্ব দেন এবং পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের সুযোগ পান, তখন সমাজ ও জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি পায় এবং ভবিষ্যৎ আরও নিরাপদ হয়ে ওঠে।
কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এ আলোচনা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং কার্যকর অর্থায়ন নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেছে।











