আকাশ ও মহাকাশ সক্ষমতার সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারে বিমান বাহিনীর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত


বাংলাদেশের আকাশ ও মহাকাশ সক্ষমতার সুরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা সক্ষমতা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে নেতৃত্ব, প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে সম্মিলিত দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিল্প খাত এবং সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের (BCASPS) ভবনে ‘From Cyber Awareness to Cyber Resilience: Securing Bangladesh’s Air and Space Power’ শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) ও BCASPS-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সচেতনতাই সাইবার নিরাপত্তার ভিত্তি, আর সাইবার সহনশীলতা অর্জনই এর মূল লক্ষ্য। সাইবার সক্ষমতা জাতীয় শক্তির একটি অপরিহার্য উপাদান উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এর গুরুত্ব দেশের আকাশ ও মহাকাশ সক্ষমতার মতোই তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা কেবল প্রযুক্তিগত কোনো বিষয় নয়; বরং এটি নেতৃত্ব, প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে সবার সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, শিল্প খাত এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি সেমিনারে গৃহীত সুপারিশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন BCASPS-এর নির্বাহী পরিচালক। তিনি বলেন, সশস্ত্র বাহিনী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও শিল্প খাতের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সমন্বয় প্রতিষ্ঠা এ কেন্দ্রের অন্যতম লক্ষ্য।
স্বাগত বক্তব্যের পর বিমান বাহিনী সদর দপ্তরের সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের পরিচালক বাংলাদেশ বিমান বাহিনীতে পালিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০২৬-এর বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন।
সেমিনারে তিনজন বিশেষজ্ঞ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. বি. এম. মাইনুল হোসেন ‘From Awareness to Resilience: Understanding the Cyber Threat Landscape’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
গ্রামীণফোন লিমিটেডের থার্ড-পার্টি রিস্ক ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি স্ট্র্যাটেজি, স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যান্ড সিকিউরিটি অপারেশন্স গভর্ন্যান্স বিভাগের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন ‘Building Bangladesh’s Cyber Defence Capability: Technology, Industry and Capability Gaps’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে লিয়েনে কর্মরত এবং BCASPS-এর গভর্নিং বডির সদস্য ড. শাহাব এনাম খান ‘Beyond the Fence: Cyber Resilience as a Whole-of-Nation Priority for Air and Space Power’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন শেষে ‘From Dialogue to Action: A National Pathway to Cyber Resilience’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন আলোচনাটি সঞ্চালনা করেন। এতে তিনজন মূল প্রবন্ধ উপস্থাপক এবং বিমান বাহিনী সদর দপ্তরের সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের পরিচালক অংশ নেন।











