বিজনেস ডেস্কঃ
বাংলাদেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান BJIT Group প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সিলভার জুবিলি উদযাপন করেছে। ২০০১ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং বৈশ্বিক সাফল্যের ২৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২৭ জুন, ২০২৬) রাজধানীর সাতারকুলে অবস্থিত BJIT Limited-এর প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Marubeni Corporation-এর নেক্সট জেনারেশন বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান পরিচালন কর্মকর্তা (COO) দাই সাকাকুরা এবং প্রতিষ্ঠানটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তাদের উপস্থিতি BJIT Group ও Marubeni Corporation-এর দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।
এছাড়া ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন BJIT-এর অন্যতম কৌশলগত অংশীদার ও শেয়ারহোল্ডার Etteplan-এর প্রেসিডেন্ট ও সিইও জুহা নাক্কি। তিনি শুভেচ্ছা বক্তব্যে BJIT-এর সঙ্গে দীর্ঘদিনের সফল অংশীদারিত্বের কথা তুলে ধরে ভবিষ্যতেও যৌথভাবে আরও বড় সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের BJIT-এর গ্রাহক ও অংশীদার প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। এর মধ্যে Valmet BJIT-এর ২৫ বছরের সাফল্যকে প্রতিষ্ঠানের দক্ষতা, নিষ্ঠা এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকারের অনন্য স্বীকৃতি হিসেবে উল্লেখ করে। Valmet-এর আইটি আরঅ্যান্ডডি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রসেস ডোমেইনের পরিচালক পাউলি কোরহোনেন BJIT-এর পেশাদারিত্ব, নির্ভরযোগ্যতা এবং উচ্চমানের প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন এবং Valmet-এর ব্যবসায়িক লক্ষ্য অর্জনে BJIT-এর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানকে বৈশ্বিক মাত্রা দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত BJIT Group-এর অফিসগুলোর কর্মকর্তা ও কর্মীরা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠানের অর্জন উদযাপন করেন এবং ভবিষ্যৎ যাত্রায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন BJIT Limited-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) আকবর জেএম। তিনি ২০০১ সালে প্রতিষ্ঠানের যাত্রা শুরুর পেছনের স্বপ্ন, চ্যালেঞ্জ ও সাফল্যের গল্প তুলে ধরেন। তিনি বলেন, গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবন, অধ্যবসায় এবং উৎকর্ষ সাধনের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে BJIT আজ বিশ্বের বিভিন্ন শিল্পখাতে Fortune 500-ভুক্ত প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রযুক্তি অংশীদারে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা “BJIT Vision 2036” উন্মোচন করেন। এ ভিশনের মূল লক্ষ্য হলো উদ্ভাবনের গতি বাড়ানো, বৈশ্বিক ব্যবসা সম্প্রসারণ, কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, ভবিষ্যৎ প্রযুক্তি-দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে টেকসই মূল্য সৃষ্টি।
একই সঙ্গে BJIT তাদের প্রচলিত ইঞ্জিনিয়ারিং সেবা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর সমাধান প্রদানের দিকে অগ্রসর হচ্ছে। এই রূপান্তরের মাধ্যমে BJIT বিশ্বমানের ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল এবং AI-চালিত প্রযুক্তি সেবা প্রদানের মাধ্যমে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।
সিলভার জুবিলি উদযাপন উপলক্ষে BJIT জানায়, গত ২৫ বছরের সাফল্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। BJIT Vision 2036-এর আলোকে উদ্ভাবন, বৈশ্বিক অংশীদারিত্ব, প্রযুক্তিগত উৎকর্ষ এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বস্ত প্রযুক্তি ও AI-ভিত্তিক সমাধানের অন্যতম বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের আগামী দিনের লক্ষ্য।











