ডেস্ক রিপোর্টঃ
সব মন্ত্রণালয় ও সরকারি কর্মসূচিকে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ বা প্রতিবন্ধী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে- বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, সরকার একটি সত্যিকারের ‘ইনক্লুসিভ বাংলাদেশ’ বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। এটি আমাদের নির্বাচনী ইশতেহার এবং পলিটিকাল এজেন্ডার একটি অন্যতম প্রধান অংশ।”
শনিবার (২৭ জুন, ২০২৬) দুপুরে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অংশীজন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও করণীয়’ শীর্ষক সংলাপটির আয়োজন করে ব্র্যাক এবং বি-স্ক্যান।
সরকার গঠনের পর গত চার মাসে গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য চিকিৎসা ও অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে ইতিমধ্যেই দুটি উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই ৪ মাসের মধ্যে সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কাছে নিজে থেকে এগিয়ে এসেছে এবং তাদের অধিকার রক্ষায় কাজ শুরু করেছে।
প্রতিবন্ধী অধিকার নিয়ে কর্মরত সকল ব্যক্তি ও সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “সরকারের সাথে কার্যকর যোগাযোগের জন্য একটি ফ্রি এবং উন্মুক্ত একক ফোরাম বা প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত জরুরি, যেখানে সব পার্টনার সমান সুযোগ পাবেন। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করুন, যাতে সরকার সরাসরি আপনাদের সাথে বসে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।
প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনগুলোর দেওয়া সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবিগুলো পর্যালোচনা করে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষে আগামী দিনে পলিসি লেভেলে একসাথে কাজ করার আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।











