June 22, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের

ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

নিউইয়র্কে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা (Women, Peace and Security) এজেন্ডা বাস্তবায়নে ইউএন উইমেনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নারী শিক্ষা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবার প্রসারে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় সিমা বাহাউস নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান তিনি।

বৈঠকে নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ও অবদান আরও জোরালোভাবে তুলে ধরতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করে ইউএন উইমেন।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের মানবিক সহায়তার জন্য বিদ্যমান অর্থায়ন ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

বৈঠকে বাংলাদেশ ও ইউএন উইমেনের মধ্যকার বিদ্যমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি নারী অধিকার, সমতা ও টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।

Scroll to Top