ডিপ্লোম্যাটিক ডেস্ক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে এ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু বৈঠকে গুরুত্ব পায়।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করা। তিনি আশা প্রকাশ করেন, কৌশলগত অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন প্রকল্পে সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।











