June 28, 2026

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • চীন সফর শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য, ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলা ভাষায় যৌথ স্নাতক প্রোগ্রাম চুক্তি

চীন সফর শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য, ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলা ভাষায় যৌথ স্নাতক প্রোগ্রাম চুক্তি

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

পাঁচ দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সফরকালে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলা ভাষায় যৌথ স্নাতক (Joint Undergraduate) প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন, ২০২৬) ইউনান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ইউনান বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের বাংলা বিভাগের স্নাতক শিক্ষার্থীদের বাংলা ভাষার শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি, বাংলা ভাষার স্নাতক পর্যায়ের পাঠদান, প্রশিক্ষণ এবং পাঠ্যক্রম বাস্তবায়নে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করবে।

এছাড়া, ইউনান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা এক সেমিস্টারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে অধ্যয়নের সুযোগ পাবেন। এসব শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক মূল্যায়ন ও পরীক্ষা পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সমাপনী সনদপত্র প্রদান করবে বিশ্ববিদ্যালয়টি।

সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউনান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন।

বক্তৃতায় তিনি বলেন, “শতাব্দীর পর শতাব্দীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান-প্রদানের ভিত্তিতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক গড়ে উঠেছে, যা পারস্পরিক শ্রদ্ধা ও ভবিষ্যতের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে শিক্ষা দুই দেশের জনগণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। শিক্ষা শুধু জ্ঞান বিনিময়ের মাধ্যম নয়, বরং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতায় বিশ্বাসী নতুন প্রজন্ম তৈরির অন্যতম ভিত্তি। ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচি এই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, এ ধরনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর ও টেকসই করবে।

সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউনান বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং ভবিষ্যৎ একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সফরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যকার একাডেমিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Scroll to Top