ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা প্রদান করেছে ভারত সরকার। তবে এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক ও প্রটোকল-সংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
বুধবার (২৪ জুন, ২০২৬) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়।
স্মারকে বলা হয়, ভারতের অগ্রাধিকার সারণী (টেবিল অব প্রেসিডেন্স) আনুষ্ঠানিকভাবে সংশোধন না করেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত কেবলমাত্র আনুষ্ঠানিক অনুষ্ঠান, রাষ্ট্রীয় প্রটোকল এবং সংশ্লিষ্ট কার্যাবলীর ক্ষেত্রে কার্যকর হবে। এটি অগ্রাধিকার সারণীর স্থায়ী সংশোধন হিসেবে বিবেচিত হবে না।
ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সচিব কমলেশ রবিদাস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকমিশনারের জন্য এই বিশেষ মর্যাদা প্রদান রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও কূটনৈতিক কার্যক্রম পরিচালনায় প্রটোকলগত সুবিধা নিশ্চিত করবে।
সূত্রঃ এএইচপি।











