June 22, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জনগণই দেশ গড়ার মূল শক্তি: মৌলভীবাজারে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণই দেশ গড়ার মূল শক্তি: মৌলভীবাজারে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

মৌলভীবাজারে এক জনসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সিদ্ধান্ত ও অংশগ্রহণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেন, “জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে এবং জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে। জনগণ বিএনপিকে পাঁচ বছরের সময় দিয়েছে।”

বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সামনের সময় হচ্ছে কাজ করার, দেশ গড়ার এবং দেশের ভাগ্য পরিবর্তনের সময়। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি নিষ্ক্রিয় হয়ে থাকে, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।”

তিনি ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, “যেভাবে একাত্তরে জনগণ দেশ স্বাধীন করেছিল, তেমনি ২০২৪ সালের ৫ আগস্টও জনগণই দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। কাজেই দেশ গড়ার দায়িত্বও জনগণের হাতেই।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আসুন আমরা প্রতিজ্ঞা করি, আগামী দিনের রাজনীতি হবে দেশ ও জনগণকে ঘিরে। দেশ গড়াই হবে আমাদের মূল লক্ষ্য।”

সরকার গঠনের পর বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, ধর্মীয় ব্যক্তিদের ভাতা, শিক্ষার্থীদের ড্রেস বিতরণ এবং ক্রীড়া উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের সুফল দলমত নির্বিশেষে সব মানুষই পাবে।

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবার সরকার এবং জনগণের কল্যাণই তাদের প্রধান অগ্রাধিকার।

অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে মৌলভীবাজারে প্রত্যাশিত উন্নয়ন হয়নি, যা এখন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের প্রয়োজন।

সমাবেশে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন, জাতীয় সংসদের হুইপ জিকে গউস, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং কেরানীগঞ্জ থেকে অনলাইনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

Scroll to Top