ডেস্ক রিপোর্টঃ
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় শনিবার (২৭ জুন ২০২৬) রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে অলিম্পিক ডে-২০২৬।

এ উপলক্ষে সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান অলিম্পিকের মূল মূল্যবোধ—Excellence (শ্রেষ্ঠত্ব), Friendship (বন্ধুত্ব) এবং Respect (সম্মান)—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচল ও ইতিবাচক জীবনধারা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এবারের অলিম্পিক ডে উদযাপনের প্রতিপাদ্য ছিল “You Can Do This, Let’s Move”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালির লক্ষ্য ছিল ক্রীড়াবিদসহ সর্বস্তরের মানুষকে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে উৎসাহিত করা।
রাজধানীর কেন্দ্রীয় র্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে মনোমুগ্ধকর ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এদিকে, ঢাকার পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র্যালি ও বিভিন্ন ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ঢাকার কেন্দ্রীয় র্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীসহ ১ হাজার ৫০০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।











