June 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি রবিবার (২৮ জুন, ২০২৬) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আগত সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশগ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ আয়োজনের জন্য সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, জাতীয় সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়া তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ এবং অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পান।

Scroll to Top