ফেনীর তিন উপজেলায় ৯৬০.৮ কিলোওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর সরকারি ভবনে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন।

তিন উপজেলার বিভিন্ন সরকারি ভবনের ছাদে মোট ৯৬০ দশমিক ৮ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়া উপজেলায় ৪১৫ দশমিক ৬ কিলোওয়াট, পরশুরামে ২৯৫ দশমিক ৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ দশমিক ৪ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।

সংশ্লিষ্টরা জানান, সরকারি প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সৃষ্টি হবে।
সরকারি ভবনের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের এ উদ্যোগ দেশের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি বিদ্যুৎ খাতে টেকসই ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে।











