জনগণের আস্থা অর্জন করেছে আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী


দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, পুলিশসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে বদ্ধপরিকর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে তিনি হাসপাতালে যান।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহত সদস্যদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এ সময় আহত পুলিশ সদস্যদের সাহস জোগান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের দায়িত্ববোধ ও সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব পালনকালে তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে।











