পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পীকার


পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পীকারের আমন্ত্রণে তিনি এ সরকারি সফরে অংশ নেন।
এর আগে গত ২৩ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পীকার।
সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
স্পীকারের প্রত্যাবর্তনকালে ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।











