পর্যটনশিল্পের পুনরুদ্ধারে বাংলাদেশি পর্যটকদের পাশে চায় নেপাল


বাংলাদেশি পর্যটকদের নেপাল ভ্রমণের আহ্বান জানিয়ে ঢাকায় ‘ট্যুরিজম প্রমোশন অ্যান্ড কালচারাল প্রোগ্রাম’ আয়োজন করেছে নেপাল দূতাবাস। ‘Nepal is Calling: Your Neighbour, Your Next Destination’ প্রতিপাদ্যে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের (এটিএফ) সাইডলাইনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, নেপাল-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে পর্যটন ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র। সম্প্রতি নেপালে আকস্মিক বন্যার প্রভাব তুলে ধরে তিনি নেপালের পর্যটনশিল্পের ঘুরে দাঁড়ানোর সক্ষমতার কথা জানান।
বাংলাদেশি পর্যটকদের নেপাল ভ্রমণ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এটি নেপালের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশের একটি উপায় হতে পারে। তিনি বলেন, নেপালের পর্যটনশিল্প পুনরুদ্ধারের পথে রয়েছে; নেপাল ঘুরে দাঁড়াতে সক্ষম এবং পর্যটকদের জন্য নেপাল উন্মুক্ত।

অনুষ্ঠানে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি নেপালের বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা দেন। এতে অ্যাডভেঞ্চার, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পর্যটনের পাশাপাশি ওয়েলনেস ট্যুরিজম এবং সম্ভাবনাময় মেডিকেল ট্যুরিজমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রতীক কার্কি বলেন, নেপাল শুধু ভ্রমণের একটি গন্তব্য নয়; এটি অভিজ্ঞতা অর্জন, মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এবং দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরির একটি স্থান।

অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মোহিউদ্দিন হেলাল বক্তব্য দেন। অংশগ্রহণকারী নেপালি প্রতিনিধিদলের পক্ষে প্রমোদ দাহাল সাম্প্রতিক আকস্মিক বন্যার পর নেপালের পর্যটনশিল্প পুনরুজ্জীবনে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে নেপাল ও বাংলাদেশের লোকজ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। এতে নেপালের অংশগ্রহণকারী ট্যুর ও ট্রাভেল এজেন্সিগুলোর সৌজন্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি বিশেষ হলিডে প্যাকেজও দেওয়া হয়।

উল্লেখ্য, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে নেপাল ১০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে অংশগ্রহণ করছে। প্রতিনিধিদলে নেপালের বিভিন্ন ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা রয়েছেন।
অনুষ্ঠানে বাংলাদেশের ট্রাভেল এজেন্সির প্রতিনিধি, ট্যুর অপারেটর, হোটেল ব্যবসায়ী, এয়ারলাইনস প্রতিনিধি এবং পর্যটন ও আতিথেয়তা খাতের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।











