খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক


খেলাপি ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করা এবং ঋণসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতিতে মধ্যস্থতার জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৯ নভেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের উপস্থিতিতে তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হয়। এদিন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) থেকে জারি করা সার্কুলার লেটার নং-১৯-এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়।
তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো— বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (BIAC), হুদহুদ সলিউশনস পিএলসি (Hudhud Solutions PLC), লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড (Lobbying and the Law (Bangladesh) Company Limited), মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড (Mars Financial & Legal Consultancy Ltd) এবং সিটিজেনস অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস (Citizens Alternative Dispute Resolution House)।
বাংলাদেশ ব্যাংক জানায়, গত ২০ আগস্ট ২০২৬ তারিখে বিআরপিডি-২ সার্কুলার নং-৪-এর মাধ্যমে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) এর জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ জারি করা হয়। এর আওতায় গত ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছিল। এতে মোট ২৩টি আবেদন জমা পড়ে। বাংলাদেশ ব্যাংক আবেদনগুলো যাচাই-বাছাই এবং নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়ন করে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে।
সার্কুলার অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের জারি করা ADR-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে বিবাদমান পক্ষ এবং সংশ্লিষ্ট তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে।
এ পদ্ধতিতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যস্থতাকারী, ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির শর্ত অনুযায়ী খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগে এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলার ক্ষেত্রেও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, ADR পদ্ধতির কার্যকর প্রয়োগের ফলে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমবে এবং ঋণ আদায় কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে মধ্যস্থতা কার্যক্রমের প্রসার এবং তালিকায় আরও অধিকসংখ্যক যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শিগগিরই পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তালিকাভুক্তির দ্বিতীয় পর্যায় শুরু করা হবে।











