February 9, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গাজীপুর পরিদর্শন করলেন তিন বাহিনী প্রধান

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গাজীপুর পরিদর্শন করলেন তিন বাহিনী প্রধান

Image

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) গাজীপুর সফর করেছেন তিন বাহিনী প্রধান।

সফরকালে সম্মানিত সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধানের পাশাপাশি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি গাজীপুরে উপস্থিত হন। তাঁরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর সম্মেলন কক্ষে আয়োজিত একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বাহিনী প্রধানগণ নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা, মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা নির্বাচনের প্রতিটি ধাপে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এছাড়াও সাধারণ জনগণের সঙ্গে নাগরিকবান্ধব ও ধৈর্যশীল আচরণ বজায় রেখে পেশাদারিত্বের সর্বোচ্চ মান নিশ্চিত করা এবং কঠোর শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন বাহিনী প্রধানগণ।

উল্লেখ্য, সফরকালে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং অসামরিক প্রশাসনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top