May 2, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • আন্তর্জাতিক শ্রমিক দিবসে শহীদদের স্মরণে দেশগড়ার অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শহীদদের স্মরণে দেশগড়ার অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সময়ে আত্মদানকারী শহীদ শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ শ্রমিক, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মাহুতি দেওয়া শ্রমিক এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক দলের ৭২ জন শহীদকে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। সেই সময় খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি লুটপাটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিল্প-কারখানা ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, এখন সময় দেশ গড়ার—শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী-পুরুষ সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার। জনগণের পরিশ্রমকে সঙ্গে নিয়ে দেশকে পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানই বর্তমান ও ভবিষ্যতের পথনির্দেশ।

প্রধানমন্ত্রী সবাইকে দেশগড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়ে বলেন, মহান এই দিনে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার শপথ নিতে হবে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর নয়াপল্টনে এটিই তার প্রথম কোনো জনসমাবেশে অংশগ্রহণ।

সমাবেশে আরও বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভীসহ দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সংসদ সদস্য আমান উল্লাহ আমান, প্রশাসক আবদুস সালাম, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিরা, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতারাও বক্তব্য রাখেন।

Scroll to Top