নিজস্ব প্রতিবেদকঃ
জলাবদ্ধতা নিরসনে দেশের খালগুলো পুনঃখননের কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২ মে ২০২৬) বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের জন্য বড় একটি সমস্যা হলো আমরা মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলন করছি। কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে। এটি ধীরে ধীরে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এই সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে খাল খনন।”

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত জরুরি এবং সরকার এ বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করছে।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শুধু সিলেট নয়, সারাদেশের উন্নয়নকে সামনে রেখে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সিলেট-ঢাকা রেললাইন ডাবল করার পরিকল্পনা রয়েছে এবং সড়কপথের চলমান কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে সুস্থ রাখতে পারলে রোগীর সংখ্যা কমবে এবং সেবার মান উন্নত হবে। এ লক্ষ্যেই ১ লাখ ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যারা গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্যসচেতন করবেন। পাশাপাশি সিলেটে নতুন ২৫০ শয্যার হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে ১২০০ শয্যায় উন্নীত করা হবে বলেও জানান তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সিটি করপোরেশন কর্মকর্তা সুচন্দা রায় অনুষ্ঠান পরিচালনা করেন। এতে আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং হুইপ জিকে গৌছ।
সমাবেশে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার নগরীর সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।











