May 7, 2026

শিরোনাম

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে: কৃষি মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভুঁইয়ার সভাপতিত্বে শনিবার (২ মে, ২০২৬) কলেজের মিলনায়তনে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ আয়োজিত নবম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সকল গভীর ও অগভীর নলকূপকে সোলারের আওতায় আনার জন্য সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। সরকার আগামী এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করার চেষ্টা করবে। সেচ পাম্প সোলারে চললে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি কৃষিনির্ভর। সরকার নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ করেছে। কৃষক কার্ড চালুর উদ্দেশ্য— চাহিদা মাফিক ফসল উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক কার্ডের মাধ্যমে সারা দেশের কৃষি একটি ডাটাবেজের আওতায় আসবে। চাহিদার বাইরে কোনো ফসল উৎপাদন হবে না। কৃষক অনলাইনের মাধ্যমে জানতে পারবে কোন জমিতে কী ফসল, কত পরিমাণে চাষ করা যাবে। তাহলে বাড়তি ফসলও উৎপাদন হবে না। ফসলের দাম না পেয়ে কৃষকও পথে বসবে না বলে মন্ত্রী মন্তব্য করেন।

মন্ত্রী ভিক্টোরিয়া কলেজের বিতার্কিক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবমুখী করে গড়ে তোলে। গণতন্ত্র চর্চায় যুক্তির বিকল্প নেই। একটি যুক্তিনির্ভর সমাজ গঠনে শিক্ষার্থীদের কাজ করতে হবে।

এর আগে মন্ত্রী বিতর্ক প্রতিযোগিতায় জয়ী বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দেন।

Scroll to Top