June 16, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, প্রশাসক নিয়োগ

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, প্রশাসক নিয়োগ

Image

বিজনেস ডেস্কঃ

তারল্য সংকট, আমানত তুলে নেওয়া, বিক্ষোভ, রাজনৈতিক বিতর্ক এবং ব্যাংক খাতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে ব্যাংকটির সার্বিক পরিচালনার দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন, ২০২৬) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রশাসক হিসেবে তিনি ব্যাংকের কার্যক্রম পরিচালনা, ব্যবস্থাপনা তদারকি এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভোগ করবেন।

সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংককে ঘিরে তারল্য সংকট, আমানত প্রত্যাহার, গ্রাহক উদ্বেগ এবং বিভিন্ন রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে ব্যাংকটির স্থিতিশীলতা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপকে ব্যাংকটির কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রশাসক নিয়োগের মাধ্যমে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের অন্যতম বৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনায় এই পরিবর্তন ব্যাংকটির ভবিষ্যৎ কার্যক্রম এবং সামগ্রিক ব্যাংকিং খাতের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Scroll to Top