June 10, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সাইডলাইনে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার Bayramov-এর সাথে বৈঠক করেছেন। মঙ্গলবার (৯ জুন, ২০২৬) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শ্রমমন্ত্রী ওআইসিভুক্ত দেশসমূহে লক্ষাধিক বাংলাদেশি শ্রমিকের নিজ দেশ এবং গন্তব্য দেশের অর্থনীতিতে অবদান রাখার কথা উল্লেখ করেন। তিনি ওআইসি লেবার সেন্টারের নিকট এসব দেশে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করার মাধ্যমে অভিবাসী শ্রমিকদের আরো কার্যকরভাবে সুরক্ষা প্রদানের আহ্বান জানান।

ওআইসি সদস্য রাষ্ট্রসমূহ শ্রমখাতে সর্বোত্তম চর্চা এবং শ্রমবাজার সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে বলে মন্তব্য করেন মন্ত্রী। দ্রুত পরিবর্তনশীল শ্রমবাজারে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন শ্রমিকদের সুরক্ষার জন্য তিনি ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও শ্রমবাজার সমন্বয়ের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান উপযোগী দক্ষতা, বিশেষত বিজ্ঞান, প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে দক্ষতার উন্নয়ন আবশ্যক।

বাংলাদেশের অভ্যন্তরে এবং অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে কারিগরি সহায়তা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে ভূমিকা রাখতে মন্ত্রী ওআইসি লেবার সেন্টারকে আহ্বান জানান। এ সময় বাংলাদেশ সরকার সেন্টারের প্রশিক্ষণ, কর্মশালা বা যেকোনো দক্ষতা বৃদ্ধি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক Azar Bayramov ওআইসি’র শ্রম কেন্দ্র সংবিধিতে স্বাক্ষর করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি দ্রুত এ সংবিধি অনুসমর্থনের জন্য বাংলাদেশকে অনুরোধ জানান। ওআইসি দেশসমূহের মধ্যে অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা উন্নয়নে, এবং নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তার সংস্থা বিশেষভাবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে শ্রমসচিব মোঃ আব্দুর রহমান তরফদার, রাষ্ট্রদূত নাহিদা সোবহান, অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির, উপসচিব সৈয়দ ইরতিজা আহসান ও মোঃ শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

Scroll to Top