April 27, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হলেন রুমি এ হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হলেন রুমি এ হোসেন

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ২৫ এপ্রিল জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩ সদস্যের নতুন বোর্ড গঠন করে।

‘The Companies Act, 1994’ এবং সংস্থাটির ‘Articles of Association’ অনুযায়ী গঠিত এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রুমি এ হোসেন। তিনি ব্যাংক এশিয়া পিএলসি-এর স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং ও করপোরেট খাতে তিন দশকের অভিজ্ঞতা রয়েছে তার।

নতুন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ-এর চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-এর চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, ইনডেক্স কোম্পানিজ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশীদ, ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং পদাধিকার বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।

নবগঠিত এই পরিচালনা পর্ষদের প্রথম সভা আজ (২৬ এপ্রিল) ঢাকার বলাকা ভবনে অনুষ্ঠিত হয়। সভায় বিমানের সার্বিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন, বহর সম্প্রসারণ, নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, মেধা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে গঠিত এই নতুন বোর্ডের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি আধুনিক, স্বনির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন এয়ারলাইন্স হিসেবে বৈশ্বিক পরিসরে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

Scroll to Top