বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সঙ্গে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১ কোটি কর্মী বিদেশে প্রেরণের লক্ষ্য বাস্তবায়নে বোয়েসেলের ভূমিকা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণ, নতুন শ্রমবাজার অনুসন্ধান, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং সরকারি পর্যায়ে কর্মী প্রেরণের (জি-টু-জি) কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দক্ষ, প্রশিক্ষিত ও যোগ্য কর্মী বিদেশে পাঠানোর মাধ্যমে দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।
বোয়েসেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, প্রতিষ্ঠানটি দেশের জনশক্তি রপ্তানি খাতকে আরও সমৃদ্ধ করতে নতুন কৌশল গ্রহণ, সম্ভাবনাময় শ্রমবাজার চিহ্নিতকরণ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে স্বচ্ছ, নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করতেও বোয়েসেল অঙ্গীকারবদ্ধ।
সভায় বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ এবং উপমহাব্যবস্থাপক নাজমুন নাহার (সিনিয়র সহকারী সচিব) উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, জি-টু-জি পদ্ধতিতে নিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বোয়েসেল দীর্ঘদিন ধরে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মী প্রেরণ, বৈদেশিক চাকরির সুযোগ সৃষ্টি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের আগ্রহী বাংলাদেশি কর্মীরা স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরির সুযোগ লাভ করছেন।











