ইউরোপে পড়াশোনার সুযোগ নিয়ে ড্যাফোডিলে ইরাসমাস + ওপেন ডে অনুষ্ঠিত


ইউরোপে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক একাডেমিক বিনিময় এবং গবেষণা সহযোগিতার সুযোগ তুলে ধরতে বাংলাদেশে ২০২৬ সালের প্রথম Erasmus + Open Day অনুষ্ঠিত হয়েছে। জুলাই মাসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), Erasmus+ National Focal Point, ইরাসমাস অ্যালামনাই, শিক্ষক-গবেষক এবং ৬৫০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে Erasmus+ কর্মসূচির বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এর মধ্যে যৌথ মাস্টার্স ডিগ্রি (Erasmus Mundus Joint Master's), আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় (International Mobility), বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব এবং Jean Monnet Actions-এর মাধ্যমে শিক্ষা ও গবেষণায় সহযোগিতার বিষয়গুলো বিশেষভাবে উপস্থাপন করা হয়।

বাংলাদেশে Erasmus+ কর্মসূচির সাফল্যও অনুষ্ঠানে তুলে ধরা হয়। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৬২০ জন বাংলাদেশি শিক্ষার্থী Erasmus Mundus বৃত্তি অর্জন করেছেন। একই সময়ে Erasmus+ International Mobility-এর আওতায় ৫০০ জন বাংলাদেশি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্মী ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষাবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি ২৩৫ জন বিদেশি শিক্ষার্থী ও একাডেমিক বাংলাদেশে এসে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অংশ নিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী, গবেষক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে Erasmus+ কর্মসূচির বিভিন্ন সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।











